পাকিস্তানের ক্রিকেটে নতুন গিলক্রিস্ট! ১০৮ বলে ১১৭ রানের ইনিংসে চমক কিশোরের
- 1
দিল্লিতে দিপকেসহ হাজারো বিক্ষোভকারী আটক, গ্রামের বাড়িতে দাদির মৃত্যু
- 2
মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির গোল উৎসব, কাটল পাঁচ ম্যাচের জয়খরা
- 3
ভিনিসিউসের লাল কার্ডের নাটক, ডিওমান্ডের গোলে জয়ে ফিরল রিয়াল
- 4
শেষ মুহূর্তের গোলে ওল্ড ট্র্যাফোর্ডে জয় হাতছাড়া ইউনাইটেডের
- 5
হেন্ডারসনের জোড়া গোল, বোর্নমাউথকে ৫-১ গোলে উড়িয়ে চেলসির দাপুটে জয়

পাকিস্তানের ক্রিকেটে নতুন গিলক্রিস্ট! ১০৮ বলে ১১৭ রানের ইনিংসে চমক কিশোরের
পাকিস্তানের ক্রিকেটে নতুন গিলক্রিস্ট! ১০৮ বলে ১১৭ রানের ইনিংসে চমক কিশোরের
অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ছবি। তবে এবার পাকিস্তানের ক্রিকেটে আলোচনায় উঠে এসেছে এক কিশোর, যার নামও অ্যাডাম গিলক্রিস্ট। নামের মিলের পাশাপাশি খেলার ধরনেও রয়েছে মিল। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান এবং উইকেটকিপার।
তবে পাকিস্তানি এই কিশোরের নামের পেছনে রয়েছে মজার গল্প। তার মা নাম রেখেছিলেন ‘অ্যাডাম’। ক্রিকেটপ্রেমী বাবা অস্ট্রেলিয়ার কিংবদন্তি গিলক্রিস্টের প্রতি ভালোবাসা থেকেই নামের সঙ্গে জুড়ে দেন ‘গিলক্রিস্ট’। তবে নামের সঙ্গে মিল থাকলেও এই কিশোরের ক্রিকেটীয় আদর্শ শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
সম্প্রতি নিজের নামের গল্প ও প্রিয় ক্রিকেটার সম্পর্কে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই আলোচনায় আসে পাকিস্তানের এই কিশোর ক্রিকেটার।

স্কুল ক্রিকেটেই ব্যাট হাতে ঝড়
পাকিস্তানের করাচিতে স্কুল ক্রিকেটে খেলছে কিশোর অ্যাডাম গিলক্রিস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ট্যালেন্ট হান্ট স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে কামরান পাবলিক স্কুলের হয়ে মাঠে নামছে সে।
সম্প্রতি জিন্নাহ কলেজে হ্যাপি প্যালেস গ্রামার স্কুলের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছে এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। ১০৮ বলে ১১৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেয় সে।
তার সেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে কামরান পাবলিক স্কুল। দলের মোট রানের প্রায় ৩৯ শতাংশই এসেছে তার ব্যাট থেকে। পরে প্রতিপক্ষকে ১৭২ রানের বিশাল ব্যবধানে হারায় তার দল।
গিলক্রিস্ট ও সাঙ্গাকারা—দুই কিংবদন্তির প্রভাব
অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। টেস্ট ক্রিকেটে ৯৬ ম্যাচ খেলে তিনি করেছেন ৫ হাজার ৫৭০ রান। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। দ্রুত রান তোলা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল।
অন্যদিকে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা টেস্ট ক্রিকেটে করেছেন ১২ হাজার ৪০০ রান ও ৩৮টি সেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
পাকিস্তানের কিশোর অ্যাডাম গিলক্রিস্টের নামের সঙ্গে অস্ট্রেলীয় কিংবদন্তির মিল থাকলেও তার ক্রিকেটীয় আদর্শ সাঙ্গাকারা। স্কুল ক্রিকেটে দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিমধ্যেই নজর কেড়েছে সে। ভবিষ্যতে এই কিশোর কত দূর এগোতে পারে, সেটিই এখন দেখার বিষয়।














