Image

মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 12 সেকেন্ড আগে
মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি

মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি

মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি

লিওনেল স্কালোনির জীবনে এসেছে একের পর এক সাফল্য। আর্জেন্টিনার কোচ হিসেবে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। কিন্তু এবার সেই সাফল্যের আড়ালে নেমে এসেছে গভীর শোক। মা ইউলালিয়া মারজেত্তিকে হারিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ৭৪ বছর বয়সে মারা গেছেন স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি। গত ২৭ অক্টোবর সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করে স্কালোনি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এএফএ।

পুজাতোতেই স্বামী আনহেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে বসবাস করতেন মারজেত্তি। স্থানীয়ভাবে পরিচিত এই নারী একসময় শহরের শান্তি বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আনহেল ও ইউলালিয়ার তিন সন্তান—লিওনেল, মাউরো ও কোরিনা। পারিবারিক পরিসরেই তাঁকে শেষবিদায় জানানো হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।

বিশ্বকাপের চেয়েও মায়ের সুস্থতা ছিল বড়

স্কালোনির মায়ের অসুস্থতা নতুন কোনো বিষয় ছিল না। প্রায় পাঁচ বছর ধরে নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন ইউলালিয়া। ২০২১ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ম্যাচের পর নিজের মায়ের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানিয়েছিলেন স্কালোনি।

সেই সময় তিনি বলেছিলেন, ‘আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’ বিশ্বকাপের মাত্র এক বছরেরও বেশি সময় আগে বলা এই কথায় বোঝা গিয়েছিল, জাতীয় দলের দায়িত্বের পাশাপাশি মায়ের অসুস্থতা তাঁকে কতটা মানসিকভাবে নাড়া দিচ্ছিল।

এর আগেই, ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদেরই মাঠ মারাকানায় হারিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পরও মায়ের কথাই উঠে এসেছিল স্কালোনির মুখে।

১০ জুলাই ২০২১—মারাকানায় ব্রাজিলকে ১–০ গোলে হারিয়ে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা-খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। কোচ হিসেবে সেটিই ছিল স্কালোনির প্রথম বড় ট্রফি। কিন্তু সেই ঐতিহাসিক সাফল্য মাকে উৎসর্গ করেছিলেন তিনি।

স্কালোনি বলেছিলেন, ‘এই জয়টা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তাঁর বেশ গুরুতর শারীরিক সমস্যা হয়েছিল। তিনি সেই সমস্যা কাটিয়ে ওঠার লড়াই করছেন।’

চারটি বড় শিরোপায় ইতিহাসের অংশ স্কালোনি

মায়ের অসুস্থতার সেই কঠিন সময়ের পরও স্কালোনির অধীনে আর্জেন্টিনার সাফল্যের যাত্রা থামেনি।

২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। এরপর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।

এরপর ২০২৪ সালে কলম্বিয়াকে হারিয়ে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।

অর্থাৎ স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা জিতেছে চারটি বড় আন্তর্জাতিক শিরোপা—কোপা আমেরিকা ২০২১, ফিনালিসিমা ২০২২, বিশ্বকাপ ২০২২ ও কোপা আমেরিকা ২০২৪। এই সাফল্য তাঁকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত করেছে।

কিন্তু ফুটবলের এত অর্জনও জীবনের সব শূন্যতা পূরণ করতে পারে না। মারাকানার সেই রাতে যে মায়ের জন্য প্রথম বড় শিরোপা উৎসর্গ করেছিলেন স্কালোনি, সেই মা আজ আর নেই।

বিশ্বজয়ী কোচের জীবনে এবার এমন এক হার এসেছে, যার কোনো ফিরতি ম্যাচ নেই।

মাকে হারালেন লিওনেল স্কালোনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three