Image

টানা ব্যর্থতার পর মুম্বাইয়ের দায়িত্ব ছাড়লেন জয়াবর্ধনে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
টানা ব্যর্থতার পর মুম্বাইয়ের দায়িত্ব ছাড়লেন জয়াবর্ধনে

টানা ব্যর্থতার পর মুম্বাইয়ের দায়িত্ব ছাড়লেন জয়াবর্ধনে

টানা ব্যর্থতার পর মুম্বাইয়ের দায়িত্ব ছাড়লেন জয়াবর্ধনে

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের ইতি টানলেন মাহেলা জয়াবর্ধনে। আইপিএলের দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

দুই মেয়াদে মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন জয়াবর্ধনে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় তার অধীনে তিনবার আইপিএল শিরোপা জেতে দলটি। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক পারফরম্যান্স বিভাগের প্রধান হিসেবে কাজ করেন তিনি। ২০২৫ সালের আইপিএলের আগে মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হয়ে আবার প্রধান কোচের দায়িত্ব নেন জয়াবর্ধনে।

তবে দ্বিতীয় মেয়াদে সাফল্য পাননি এই লঙ্কান কোচ। ২০২৫ সালের আইপিএলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে লিগ পর্ব শেষ করলেও কোয়ালিফায়ার-২ থেকে বিদায় নেয় মুম্বাই। ২০২৬ সালের আসরে তাদের অবস্থান ছিল নবম। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল।

বিদায়বেলায় মুম্বাইয়ের সঙ্গে কাটানো সময়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয়াবর্ধনে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স আমার পথচলার অত্যন্ত বিশেষ একটি অংশ। খেলোয়াড়, কোচিং স্টাফ, ওয়ান ফ্যামিলির সদস্য এবং সর্বোপরি সমর্থকেরা এই অভিজ্ঞতাকে আমার কাছে স্মরণীয় করে তুলেছেন।’

মুম্বাইয়ের মালিক নীতা আম্বানিও জয়াবর্ধনের অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘মাহেলা বছরের পর বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার শান্ত নেতৃত্ব, সততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান। তাঁর অবদান ও নিরলস প্রতিশ্রুতির জন্য পুরো মুম্বাই পরিবার থেকে তাঁকে ধন্যবাদ জানাই।’

জয়াবর্ধনের বিদায়ে এখন নতুন কোচ খুঁজতে হবে মুম্বাইকে। আইপিএলের খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ সময় ১৫ নভেম্বর। এরপর প্রায় এক মাসের মধ্যে গোয়ায় নিলাম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে নতুন কোচ নিয়োগের পাশাপাশি দল গোছানোর কাজও দ্রুত এগিয়ে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।

সবশেষ ২০২০ সালে আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই। এরপর থেকে আর আইপিএলের ফাইনালে ওঠেনি দলটি। জয়াবর্ধনের অধীনেই ২০১৯ ও ২০২০ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় দলটি। আইপিএলের ইতিহাসে শিরোপা ধরে রাখা প্রথম দলও তারা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three