হত্যা মামলায় কারাগারে চিত্রনায়ক মরতুজা পলাশ, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
- 1
বায়ার্নেই থাকতে চান হ্যারি কেইন, নতুন চুক্তির পথে বড় অগ্রগতি
- 2
রোনালদোর মতো ৪১ বছর পর্যন্ত ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
- 3
মারায়া কেরিকে পেছনে ফেলে বিলবোর্ডে নতুন রেকর্ড এলা ল্যাংলির
- 4
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি
- 5
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি

হত্যা মামলায় কারাগারে চিত্রনায়ক মরতুজা পলাশ, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে চিত্রনায়ক মরতুজা পলাশ, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে এসেছে। নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারনামীয় আসামি পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন পলাশ। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষ হওয়ার পর আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে পুরো দল। সেদিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় পলাশকে। তবে এত দিন তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।
মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে ঘটনাটি ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে তার অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে দেশে ও অন্যান্য লোকেশনে এসব কাজ শেষ করার পরিকল্পনা ছিল নির্মাতা কামরুজ্জামান রোমানের। তবে নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি ঠিক করতে পারছেন না তিনি।
এ বিষয়ে পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, নেপালে ‘শিকার’-এর বেশির ভাগ অংশের শুটিং সফলভাবে শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও পলাশ কারাগারে থাকায় এখনো কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
পরিচালকের ভাষ্য, পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ও পুরো টিম আশা করছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি দ্রুত মুক্তি পাবেন। তবে আইনি জটিলতা দীর্ঘ হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। আপাতত অপেক্ষা করা ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই।

সীমান্তবর্তী এলাকার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।














