অবসরের পর কোচ নয়, ক্লাবের মালিক হতে পারেন মেসি

অবসরের পর কোচ নয়, ক্লাবের মালিক হতে পারেন মেসি
অবসরের পর কোচ নয়, ক্লাবের মালিক হতে পারেন মেসি
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন লিওনেল মেসি। কয়েক বছরের মধ্যে ক্লাব ফুটবল থেকেও বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ফুটবল থেকে দূরে সরে যেতে চান না এই মহাতারকা। বরং কোচিংয়ের বদলে ক্লাব মালিকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালে নতুন চুক্তি করেছেন মেসি, যার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। সেই চুক্তির অংশ হিসেবে খেলোয়াড়ি জীবন শেষে ক্লাবটির মালিকানায় অংশীদার হওয়ার সুযোগও রয়েছে বলে জানিয়েছে বিবিসি স্পোর্ট।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, স্পেনেও ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন মেসি। চলতি বছরের এপ্রিলে পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেয়ার মালিকানা নেওয়ার পর অক্টোবরে দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসেরও বেশিরভাগ অংশের মালিক হয়েছেন তিনি।
অবসরের পর শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে ক্লাবটির এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি মেসির ঘনিষ্ঠ মহলেও নিওয়েলসে তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে খুব বেশি প্রত্যাশা নেই।
বরং যুক্তরাষ্ট্র ও স্পেনকে ঘিরেই ভবিষ্যতের পরিকল্পনা করছেন মেসি। ফুটবলার হিসেবে সম্ভাব্য প্রায় সব অর্জনই তাঁর ঝুলিতে। এখন খেলোয়াড় হিসেবে নয়, অন্য ভূমিকায় ফুটবলের সঙ্গে যুক্ত থাকার পথ বেছে নিতে পারেন তিনি।
অনেক কিংবদন্তি অবসরের পর কোচিংয়ে নাম লেখালেও মেসির ভবিষ্যৎ হয়তো হবে ভিন্ন। মাঠের জাদু শেষ হলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে ক্লাব মালিকের চেয়ারেই দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে।











