এক ক্রিকেটারের জন্মসাল তিনটি! বয়স জালিয়াতিতে দুই বছরের নিষেধাজ্ঞা
- 1
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 2
এমবাপ্পের গোলে জয়, জিদানের ডাগআউট অভিষেক রাঙাল ফ্রান্স
- 3
১১৪ অভিযোগে দোষী ম্যানসিটি, ঝুঁকিতে পুরোনো প্রিমিয়ার লিগ শিরোপা
- 4
কৃত্রিম টার্ফের শঙ্কায় বিশ্রাম: দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ
- 5
২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন কোহলি

এক ক্রিকেটারের জন্মসাল তিনটি! বয়স জালিয়াতিতে দুই বছরের নিষেধাজ্ঞা
এক ক্রিকেটারের জন্মসাল তিনটি! বয়স জালিয়াতিতে দুই বছরের নিষেধাজ্ঞা
বাস্তবে অসম্ভব হলেও কাগজে-কলমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবের জন্মসাল তিনটি—২০০৮, ২০০৯ ও ২০১০। বয়সসংক্রান্ত তথ্যের এমন গরমিলের কারণে সব ধরনের ক্রিকেট থেকে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মাসখানেক আগেও শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন রোহিত। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের খেলোয়াড়দের প্রাক্-মৌসুম নথিপত্র যাচাই করতে গিয়ে তাঁর বয়সসংক্রান্ত অসঙ্গতি খুঁজে পায়। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রোহিতের নামে ২০০৮, ২০০৯ ও ২০১০—এই তিনটি ভিন্ন জন্মসনদ পাওয়া গেছে।
শুধু জন্মসনদেই নয়, রোহিতের আধার কার্ডের তথ্যেও ছিল বড় ধরনের গরমিল। সিএবির নিবন্ধনে তাঁর জন্মসাল ২০০৭। আবার ২০১৭ ও ২০২০ সালে হালনাগাদ করা আধার রেকর্ডে জন্মসাল ছিল ২০০৬। পরে ২০২১ সালে সেই তথ্য পরিবর্তন করে ২০০৯ করা হয়।
বয়স নিয়ে এত ভিন্ন তথ্য পাওয়ার পর আসন্ন অস্ট্রেলিয়া সফরের ভারত অনূর্ধ্ব-১৯ দল থেকেও রোহিতকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর তদন্তের ভিত্তিতে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই।
রোহিত অবশ্য একা নন। একই ধরনের বয়সসংক্রান্ত গরমিলের কারণে আরও ৬৪ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে সিএবি। নিষিদ্ধদের তালিকায় রয়েছেন ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের পেসার রবি কুমারও।
রবি কুমারের ক্ষেত্রে বয়সের গরমিল ছিল ৪০ মাসেরও বেশি বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তাঁর ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটের সব রেকর্ড বাতিল বলে গণ্য হবে।
বয়স জালিয়াতি ঠেকাতে এর আগেও কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। ২০২০ সালে শাস্তির পাশাপাশি সাধারণ ক্ষমার একটি ব্যবস্থার প্রস্তাব দিয়েছিল বোর্ড। সেই নিয়মে নিবন্ধিত ক্রিকেটাররা স্বেচ্ছায় বয়সের গরমিল স্বীকার করে সঠিক জন্মতারিখ জমা দিলে সাময়িক নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ পেতেন। তবে পরবর্তীতে আবার নিয়ম ভাঙার প্রমাণ মিললে নিষেধাজ্ঞার মুখে পড়ার বিধানও রাখা হয়েছিল।
রোহিত যাদবের ঘটনায় আবারও সামনে এল বয়সভিত্তিক ক্রিকেটে নথিপত্রের স্বচ্ছতা ও বয়স জালিয়াতি ঠেকানোর প্রয়োজনীয়তা।














