৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ২০২৯ সালে ক্যাম্প ন্যুতে মহারণ
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে নরওয়ের নেশন্স লিগ জয়

৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ২০২৯ সালে ক্যাম্প ন্যুতে মহারণ
৩০ বছর পর বার্সেলোনায় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ২০২৯ সালে ক্যাম্প ন্যুতে মহারণ
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় ৩০ বছর পর আবারও বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে বসতে যাচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ—চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে বার্সেলোনার এই ঐতিহাসিক স্টেডিয়াম। গ্রিসের থেসালোনিকিতে উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাম্প ন্যুতে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে। সেই ম্যাচের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের কাছে অমলিন। ৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে টেডি শেরিংহাম ও ওলে গানার সুলশারের জোড়া গোলে নাটকীয়ভাবে ২-১ ব্যবধানে জিতে ট্রফি তুলে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
২০২৮ সালে ফাইনাল হবে মিউনিখে
২০২৯ সালের আগে ২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন করবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা। ২০১২ ও ২০২৫ সালের পর তৃতীয়বারের মতো এই স্টেডিয়ামে ইউরোপের সেরা ক্লাবের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে।
মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামেও এর আগে তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে চলতি মৌসুমের ফাইনাল আয়োজনের জন্য আগেই নির্ধারিত হয়েছে আতলেতিকো মাদ্রিদের মেত্রোপোলিতানো স্টেডিয়াম।
সংস্কার শেষে বদলে যাবে ক্যাম্প ন্যু
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আবার ক্যাম্প ন্যুতে ফিরলেও স্টেডিয়ামটির সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। গ্যালারির তৃতীয় স্তর নির্মাণের পাশাপাশি ছাদ বসানোর কাজও বাকি রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে সংস্কারকাজ শেষ হওয়ার কথা। এরপর স্টেডিয়ামটির ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক। ফলে ২০২৯ সালের ফাইনালে ইউরোপের অন্যতম বড় ফুটবল মঞ্চে বিশাল দর্শকসমাগমের প্রত্যাশা থাকছে।
নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালও নির্ধারিত
থেসালোনিকিতে একই সভায় উয়েফা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে। নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের লিঁওর পার্ক অলিম্পিক লিওঁতে। ২০২৯ সালের ফাইনাল আয়োজন করবে ওয়েলসের কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়াম।
ইউরোপা লিগের ২০২৮ সালের ফাইনাল হবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায়। পরের বছর, অর্থাৎ ২০২৯ সালে এই প্রতিযোগিতার ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়ামে।
কনফারেন্স লিগের ফাইনাল তুরিন ও বুদাপেস্টে
উয়েফা কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনাল আয়োজন করবে ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম। ২০২৯ সালের ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
এ ছাড়া ২০২৭ ও ২০২৮ সালের উয়েফা সুপার কাপের ভেন্যুও নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের সুপার কাপ হবে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এবং ২০২৮ সালের ম্যাচটি হবে কাজাখস্তানের আস্তানা অ্যারেনায়।
২০২৭ সালের ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করবে সুইজারল্যান্ডের বিয়েল বিয়েন অ্যারেনা।
সবচেয়ে বেশি আলোচনায় অবশ্য ক্যাম্প ন্যু। সংস্কার শেষে নতুন রূপে ফেরা বার্সেলোনার এই ঐতিহাসিক মাঠে ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল যে আবারও ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় উৎসবে পরিণত হবে, তা নিয়ে সন্দেহ নেই।












